Saturday, June 15, 2019

মাশরাফিকে নিয়ে এভাবে কথা বলা ‘আনফেয়ার’

তামিম ইকবাল যেন এ কথাগুলোই বলার জন্য অপেক্ষা করছিলেন! তাঁকে নিয়ে তো হচ্ছেই, সমালোচনা হচ্ছে মাশরাফি বিন মুর্তজার পারফরম্যান্স নিয়েও। বিশ্বকাপে ধারাবাহিক ভালো খেলতে না পারায় কাঠগড়ায় তোলা হচ্ছে মোস্তাফিজুর রহমান কিংবা মাহমুদউল্লাহকে নিয়েও। চারদিকে ধেয়ে আসা সমালোচনার তিরগুলো কীভাবে এড়িয়ে চলছেন, সেটি ব্যাখ্যা করতে হয়ে একটু যেন আবেগতাড়িত হয়ে পড়লেন তামিম!
সকালে সবার আগে তিনিই নেটে ব্যাটিং করেছেন। ব্রিস্টলে বিরতির দিনেও একা একা চলে এসেছেন নেটে। তামিম রানে ফিরতে উন্মুখ, সেটি তাঁর প্রতিটি পদক্ষেপেই বোঝা যাচ্ছে। ভালো খেলতে পারছেন না, এটি নিয়ে বিচলিত নন বলে দাবি করছেন। তামিমের বরং খারাপ লাগছে মাশরাফিকে নিয়ে। বাংলাদেশ অধিনায়কের পারফরম্যান্স নিয়ে যে সমালোচনা হচ্ছে, সেটি নিয়ে আজ টন্টনের সংবাদ সম্মেলনে প্রায় পাঁচ মিনিটের বিশদ এক প্রতিক্রিয়াই দিলেন বাঁহাতি ওপেনার, ‘আমার কথা বাদ দেন। মাশরাফি ভাইয়ের কথা বলি। যারা এ কথাগুলো বলছে এবং যারা এ কথাগুলো লিখছে তারা যদি কথাটা বলার আগে কিংবা লেখার আগে দুটো মিনিট একটু চিন্তা করেন…আমরা কাকে নিয়ে কথা বলছি, তিনি ১৫-১৬ বছরে কী করেছেন বাংলাদেশের ক্রিকেটের জন্য। এখন বলা হচ্ছে মাশরাফি আনফিট! যদি আনফিট বলতে হয় তাহলে সে ১০-১৫ বছর ধরেই আনফিট! তাঁর দুটো হাঁটু লম্বা সময় ধরে ভালো নেই। দশ বছর তো আমরা বিষয়টা আবেগের চোখে দেখেছি। এখন একটু ১৯-২০ হচ্ছে বলে এটাকেই এখন অন্য চোখে দেখছি।’

আট ওভারের ঝড়ে পথ হারাল শ্রীলঙ্কা


৩২ ওভার শেষেও বেশ ভালোভাবেই ম্যাচে ছিল শ্রীলঙ্কা। ১৮ ওভারে দরকার ১৪৯ রান, হাতে উইকেট ৮টি। টি-টোয়েন্টির যুগে এ লক্ষ্য কঠিন নয় মোটেও। কিন্তু ৮ ওভারের এক ঝড়ে হঠাৎ দিকভ্রষ্ট লঙ্কান ব্যাটিং। ৩৩ থেকে ৪০—মাত্র ৮ ওভারের মধ্যে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার হাতে জয়টা একপ্রকার তুলেই দিল শ্রীলঙ্কা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকেই ফেবারিট মনে করেন তামিম

ওয়েস্ট ইন্ডিজের মূল অস্ত্র পেস বোলিং। সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে শট বলেই প্রতিপক্ষকে ঘায়েল করতে চেয়েছে তারা। তবে টন্টনের মাঠ ছোট। স্পিনারদের চেয়ে পেসারদের ঝুঁকিটা এখানে কম থাকলেও শর্ট বল দিয়ে ব্যাটসম্যানকে ভড়কে দেওয়ার চেষ্টা করতে গেলে হুক-পুল খাওয়ার সম্ভাবনাও আছে। আজ শনিবার বাংলাদেশ দলের অনুশীলন দেখেও বোঝা গেছে শর্ট বল খেলার প্রস্তুতিটাই তারা বেশি নিচ্ছেন। অনুশীলনের মাঝে সংবাদ সম্মেলনে তামিম ইকবালও বলে গেলেন, ‘আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা শর্ট বল দেওয়ায় বেশি মনোযোগী ছিল। তবে এসব বলে রান করারও সুযোগ দেবে ওরা। এটা সামলাতে আশা করি কাজটা কঠিন হবে না আমাদের জন্য।’